ইমামদের জন্য স্থায়ী ভবনের আশ্বাস দিলেন এম এ মালিক

ইমামদের জন্য স্থায়ী ভবনের আশ্বাস দিলেন এম এ মালিক - Surma Times | Sylhet News
ইমামদের জন্য স্থায়ী ভবনের আশ্বাস দিলেন এম এ মালিক - Surma Times | Sylhet News
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক

সিলেট, ২ আগস্ট: সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, দক্ষিণ সুরমায় ইমামদের জন্য নিজস্ব স্থায়ী ভবন নির্মাণ করা হবে। তিনি বলেন, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ইসলামের জন্য, ইমাম মুয়াজ্জিনদের জন্য কাজ করেছে এবং ইমাম ও ইসলামের পক্ষে কাজ করা অব্যাহত থাকবে।

রোববার সকালে এম এ মালিক এমপির দক্ষিণ সুরমার বাড়ির খাজা মহলে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুম্মার খুৎবায় যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে এবং ইসলামের নিয়মানুবর্তিতা ও সঠিক জীবনদর্শন তুলে ধরার জন্য তিনি ইমামদের প্রতি আহ্বান জানান।

ইমামদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে এম এ মালিক আরও বলেন, জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কাছে ইমামদের পক্ষে স্বারকলিপি প্রদান করবেন। পাশাপাশি দক্ষিণ সুরমার মসজিদ ও মাদরাসার উন্নয়নে ধর্মমন্ত্রীকে নিয়ে আসার কথাও তিনি উল্লেখ করেন। আগামীতে দক্ষিণ সুরমায় বড় ধরণের অনুষ্ঠান করার জন্য ইমাম সমিতিকে আহ্বান জানান তিনি।

সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ বিনির্মাণে করণীয় শীর্ষক প্রতিপ্রাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ আহমদের পরিচালনায় এবং দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দীন, মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, জেলার সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন ভুঁইয়া, তেঁতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান এবং বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল আহাদ।

এছাড়া বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলার সহ-সভাপতি মাওলানা আবুল বশর, অর্থ সম্পাদক মাওলানা আকমল হোসাইন এবং সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদও বক্তব্য রাখেন।

সম্মেলনে দক্ষিণ সুরমা উপজেলার সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান আবদাল, মাওলানা ইবাদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা সোহাইল রহমানী, প্রচার সম্পাদক হাফিজ কাওসার আহমদ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও মাওলানা আব্দুল হাফিজসহ বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি দক্ষিণ সুরমা উপজেলা ও ইউনিয়ন শাখা সমূহের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী দেলওয়ার আহমদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শুয়েব আহমদ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতীয় কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article