সিলেট, ১ আগস্ট: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে সিলেট সদর উপজেলায় একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করা হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে এ মিছিল অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জানা যায়, সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে সদর উপজেলা ছাত্রলীগের ব্যানারে আয়োজিত এ ঝটিকা মিছিলে আনুমানিক ২০ থেকে ২৫ জন অংশ নেন। মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাপবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এদিকে সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সফাত তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মিছিলের কয়েকটি ছবি প্রকাশ করেন। পোস্টে তিনি দাবি করেন, দেশরত্ন শেখ হাসিনার নামে দায়ের করা ‘মিথ্যা ও বানোয়াট’ মামলা প্রত্যাহারের দাবিতে সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মিছিলের একটি ভিডিও প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, ‘আগস্টের শুরুতেই সহযোদ্ধাদের মুক্তি এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নামে দায়েরকৃত মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিলে উত্তাল সিলেট। বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট সদর উপজেলা শাখার নেতাকর্মীদের উদ্যোগে সিলেট সদর উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে আজ সকালে অনুষ্ঠিত এই মিছিলে অংশগ্রহণকারী সকল সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা। সদর থেকে শুরু, আশাকরি এই আওয়াজ সিলেটের ১৩টি উপজেলা এবং পাঁচটি পৌরসভাতেও খুব দ্রুত পৌঁছাবে।’
ঘটনার বিষয়ে জানতে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল হাবিবের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলমের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।





