
সিলেট, ১ আগস্ট: বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)-এর সিলেট বিভাগীয় কমিটির মতবিনিময় সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) নগরীর চৌহাট্টাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা শাখার উপদেষ্টা মো. আলীমুজ্জামান এবং সিলেট জেলা শাখার সভাপতি কামরুজ্জামান চাকরি থেকে অবসরজনিত হওয়ায় তাদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। প্রথম অধিবেশনে সিলেট জেলা শাখার সভাপতি দেবাংশু ভট্টাচার্য্যের সভাপতিত্বে এবং মাহফুজুর রহমানের সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় শাখার উপদেষ্টা মো. আলীমুজ্জামান এবং কামরুজ্জামানের ছেলে ফজলে রাব্বী।
দ্বিতীয় অধিবেশনে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা শাখার যৌথ আয়োজনে বাকাসসের সিলেট বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাকাসস সিলেট বিভাগের সমন্বয়ক মো. জামাল উদ্দিন এবং সঞ্চালনা করেন সহ-সভাপতি ধ্রুব জ্যোতি দাশ। প্রধান অতিথি ছিলেন বাকাসস কেন্দ্রীয় কমিটির সভাপতি এস. এম. আরিফ হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ আশ্রাফুল ইসলাম।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বাকাসস ঢাকা জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুসা খান, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান, অর্থ সম্পাদক রাশেদুল ইসলাম, হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি কাজল কুমার দাস, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মুশফিকুর রহমান, সুনামগঞ্জ জেলা শাখার সেক্রেটারি সুমন চন্দন সরকার এবং সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সোহেল আহমদ।
অনুষ্ঠানের শুরুতে সিলেট জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং প্রশান্ত মালাকার গীতা পাঠ করেন। স্বাগত বক্তব্য দেন সিলেট বিভাগের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম।
সভায় সংগঠনের দেওয়ান আজহারুল হক চৌধুরী শাহীন, বজলুল হক, নিতাই চন্দ দেবনাথ ও আশালতা ভট্টাচার্য্য মৃত্যুবরণ করায় শোক প্রকাশ করা হয়। বক্তারা কালেক্টরেট কর্মচারীদের পেশাগত পদোন্নতি, বেতন বৈষম্য দূরীকরণ এবং বিভাগীয় সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা অবসরপ্রাপ্ত কর্মচারীদের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা ও সংগঠনের প্রতি অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের উত্তরোত্তর দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করেন। তারা বলেন, কালেক্টরেট কর্মচারীরা মাঠ প্রশাসনের মূল চালিকাশক্তি হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, অথচ দীর্ঘদিন ধরে পদোন্নতির সুযোগ ও বেতন বৈষম্যের কারণে তারা অধিকার বঞ্চিত হচ্ছেন। অনতিবিলম্বে এ পেশাগত বৈষম্য দূর করে পদোন্নতির পথ সুগম করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, সংগঠনের ঐক্যই তাদের শক্তি। সিলেট বিভাগীয় সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করে বৈষম্যহীন ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে আন্দোলন ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে।






