সিলেট, ৩১ জুলাই: রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্প কারখানা ঢালাওভাবে দেশি-বিদেশি লুটেরাদের কাছে বিক্রির সরকারি চক্রান্তের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা শাখা। শুক্রবার (৩১ জুলাই) বিকাল ৫টায় ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বাসদের আহ্বায়ক আবু জাফর এবং সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল। এতে আরও বক্তব্য দেন নাজিকুল ইসলাম রানা, এম এ ওয়াদুদ, জহর সিংহ, প্রিতম দাশ, শহীদ আহমদ, মেঘদাদ, জাহেদ আহমদ, মাহফুজ আহমদসহ অন্যরা।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক ঢালাওভাবে রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানাসমূহ দেশি-বিদেশি বেসরকারি কোম্পানির বিনিয়োগের জন্য উন্মুক্ত করার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ৫টি কর্পোরেশনের আওতাধীন ৪৪টি শিল্প প্রতিষ্ঠান বিক্রির গণবিরোধী তৎপরতায় সরকার লিপ্ত রয়েছে। তাদের অভিযোগ, দশ হাজার একরেরও বেশি জমির ওপর প্রতিষ্ঠিত এসব শিল্প কারখানা ‘বিদ্যমান শিল্পসম্পদে পুনঃবিনিয়োগ’, ‘পুনর্গঠন ও পুনঃউন্নয়ন’, ‘ইজারাভিত্তিক ও দীর্ঘমেয়াদি ইজারাভিত্তিক ব্যবস্থা’, ‘যৌথ উদ্যোগ’, ‘কৌশলগত অংশীদারিত্ব’ ইত্যাদি নামে বেসরকারি কোম্পানির কাছে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বক্তারা বলেন, সরকার এই উদ্যোগকে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির কর্মসূচি হিসেবে প্রচার করলেও বাস্তবে এটি বিশ্বব্যাংক ও আইএমএফের পরামর্শে অনুসৃত নয়া উদারীকরণ ও বেসরকারিকরণ নীতির ধারাবাহিকতা। তাদের মতে, পরিকল্পিত অব্যবস্থাপনা, দুর্নীতি, মাথাভারী প্রশাসন, সময়মতো অর্থ ছাড় না করা, প্রয়োজনীয় বিনিয়োগ ও আধুনিকায়নের অভাব, উৎপাদন বহুমুখীকরণে উদ্যোগ না নেওয়া এবং দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত না করার কারণে বহু রাষ্ট্রায়ত্ত শিল্পকে সংকটে ফেলে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে।
সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, সেই লোকসানকে অজুহাত হিসেবে দেখিয়ে জনগণের সম্পদ পানির দামে বেসরকারি মালিকানায় তুলে দেওয়ার চেষ্টা চলছে। তাদের ভাষায়, এটি কোনো অর্থনৈতিক সংস্কার নয়, বরং ধাপে ধাপে রাষ্ট্রায়ত্ত সম্পদের বেসরকারিকরণ তথা হরিলুটের নীতি। তারা সরকারের এ সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।





