গোলাপগঞ্জে মহিলাদের জন্য ফ্রি কুরআন শিক্ষাকেন্দ্র উদ্বোধন

গোলাপগঞ্জে মহিলাদের জন্য ফ্রি কুরআন শিক্ষাকেন্দ্র উদ্বোধন - Surma Times | Sylhet News

গোলাপগঞ্জে মহিলাদের জন্য ফ্রি কুরআন শিক্ষাকেন্দ্র উদ্বোধন - Surma Times | Sylhet Newsগোলাপগঞ্জ (সিলেট), ৩০ জুলাই: সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকার সব বয়সের মহিলাদের জন্য ফ্রি কুরআন শিক্ষাকেন্দ্র চালু করা হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর রূপশাইল গ্রামের ২ নং ওয়ার্ডের সুয়া উদ্দিনের বাড়িতে ‘ইক্বরা কুরআন শিক্ষা কেন্দ্র’ নামে এ কেন্দ্রের উদ্বোধন করা হয়। ইনসাফ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে এ শিক্ষাকেন্দ্র স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপশাইল জামে মসজিদের সাবেক সেক্রেটারি সুয়া উদ্দিন। সাংবাদিক রেজাউল হক ডালিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইনসাফ সেবা ফাউন্ডেশনের সিলেট অঞ্চলের দায়িত্বশীল মো. সাব্বির আহমদ এবং গোলাপগঞ্জের সিনিয়র সাংবাদিক মাওলানা ইমরান আহমদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামের বিশিষ্ট মুরব্বি আনোয়ার হোসেন (আনর), সিরাজ উদ্দিন, প্রবাসী ইসকন্দর আলী ও মারুফ আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মাদরাসাছাত্র মাসাদ আহমদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা সাংবাদিক এমরান আহমদ।

উদ্বোধনের দিনই এলাকার মহিলাদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই কুরআন শিক্ষাগ্রহণের আগ্রহ প্রকাশ করে তালিকায় নাম লেখান।

ইনসাফ সেবা ফাউন্ডেশন সিলেটসহ দেশজুড়ে গরিব ও অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে অনেক স্থানে মহিলাদের জন্য এ ধরনের ফ্রি কুরআন শিক্ষাকেন্দ্র চালু করেছে সংস্থাটি। ফাউন্ডেশনের কর্ণধার যুক্তরাজ্য প্রবাসী প্রকৌশলী, ব্যবসায়ী ও সমাজসেবী মইনুল বাকর। তিনি বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রকৌশলী এবং বিশ্বের কয়েকটি দেশে তাঁর আইটি ব্যবসা রয়েছে। প্রচারবিমুখ এ দানশীল ব্যক্তি ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষকে ঘর তৈরি করে দেওয়া, বর-কনের বিয়ের খরচ বহন, বঞ্চিত এলাকায় সুপেয় পানির জন্য টিউবয়েল স্থাপন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান, গরিবদের চিকিৎসাসেবা এবং মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার খরচ বহনসহ নানা সমাজসেবামূলক কাজ চালিয়ে যাচ্ছেন। গত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article