অনলাইন জুয়ায় আসক্তি: উপশহরে যুবকের লাশ উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্তি: উপশহরে যুবকের লাশ উদ্ধার - Surma Times | Sylhet News

অনলাইন জুয়ায় আসক্তি: উপশহরে যুবকের লাশ উদ্ধার - Surma Times | Sylhet Newsসিলেট, ৩০ জুলাই: সিলেট মহানগরীর উপশহর এলাকা থেকে রাব্বী আহমদ (২৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে শাহপরান (রহ.) থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।

নিহত রাব্বী আহমদ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার দুসপুর এলাকার মো. আবু তাহেরের ছেলে। তিনি বর্তমানে সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানাধীন উপশহর ১নম্বর রোডের এফ-ব্লক, ২১ নম্বর বাসার নীচতলায় পরিবারসহ ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, রাব্বী তার ভাই ও পিতার সঙ্গে একই বাসায় থাকতেন। তিনি মোবাইলে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি ঘুম থেকে না উঠলে তার পিতা ও ভাই রুমের দরজার সামনে গিয়ে ডাকাডাকি করতে থাকেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তারা চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন।

পরে ঘরের দরজা ভেঙে দেখা যায়, রাব্বী তার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে আছেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নগরীর সোবহানীঘাট ইবনে সিনা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাব্বী আত্মহত্যা করতে পারে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article