গোয়াইনঘাটে আলেমদের নিয়ে অবমাননাকর পোস্ট, এনসিপি কর্মীর অপরাধ স্বীকার

গোয়াইনঘাটে আলেমদের নিয়ে অবমাননাকর পোস্ট, এনসিপি কর্মীর অপরাধ স্বীকার - Surma Times | Sylhet News

গোয়াইনঘাটে আলেমদের নিয়ে অবমাননাকর পোস্ট, এনসিপি কর্মীর ক্ষমা - Surma Times | Sylhet Newsগোয়াইনঘাট, ২৯ জুলাই: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের তেলিখাল বাজারে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীসহ আলেম-উলামাদের শানে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর পোস্ট করায় জাকারিয়া নামে এক এনসিপি কর্মীকে জনতার সামনে জবাবদিহির মুখোমুখি করা হয়েছে।

মঙ্গলবার বাদ মাগরিব ডৌবাড়ী ইউনিয়নের তেলিখাল বাজার জামে মসজিদে তৌহিদী জনতার উপস্থিতিতে এক সালিশি সভা ও গণ-আদালত অনুষ্ঠিত হয়। মিছবাহুল উলুম ঘোড়াইল মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আব্দুস ছামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অভিযুক্ত জাকারিয়া উপস্থিত জনতার ক্ষোভের মুখে নিজের অপরাধ স্বীকার করেন। তীব্র দাবির মুখে তিনি প্রকাশ্য মজলিসে আলেম-উলামা ও সর্বস্তরের জনতার কাছে ক্ষমা চেয়ে তওবা করেন এবং ভবিষ্যতে ইসলাম ও আলেমদের নিয়ে কোনো ধরনের ধৃষ্টতা দেখাবেন না বলে ওয়াদাবদ্ধ হন। পরবর্তীতে উপস্থিত উলামায়ে কেরাম ও মুরুব্বিয়ানের সিদ্ধান্তে তাকে স্বাভাবিক শাস্তির মাধ্যমে ক্ষমা করা হয়।

একই সঙ্গে আলেম-উলামাদের মর্যাদা রক্ষায় ডৌবাড়ী ইউনিয়নের এ মহাসভা থেকে ঘোষণা দেওয়া হয় যে, আগামীতে এলাকায় কেউ ইসলাম, দেশ ও আলেম-উলামাদের নিয়ে কোনো ধরনের কটূক্তিমূলক লেখালেখি করলে তাকে এক লাখ টাকা জরিমানা করা হবে।

সভায় উপস্থিত ছিলেন মাওলানা ফারুক আহমদ হাটগ্রামী, মজাতপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আজমত উল্লাহ, মাওলানা ইউসুফ পুরানমহলী, দাতারী মাদ্রাসার মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ জহির, সিলেট শাহ আবু তুরাব জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আব্দুশ শহিদ, মাওলানা নজির উদ্দিন, মাওলানা শরিফ উদ্দীন, ফতেহপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ফয়সাল আহমদ, জামেয়া শাহ ওলিউল্লাহ রইছুল উলুম সিলেটের নায়েবে মুহতামিম হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদার, দারুণ নাজাত মডেল মাদ্রাসার পরিচালক মাওলানা আল আমিন সাঈদ, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা মনির উদ্দীন, মাওলানা ময়নুল ইসলাম, হাফিজ উবায়দুল্লাহসহ বিশিষ্ট উলামায়ে কেরাম।

এছাড়া লোকমান আহমদ, মাহমুদ আলী লাউরকুনী, এখলাছুর রহমান, মাহমুদ আলী কামাইদ এবং স্থানীয় ওয়ার্ড মেম্বার নাজিম উদ্দীনসহ এলাকার মুরুব্বিয়ান ও হাজারো তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article