সিলেট, ২৯ জুলাই: র্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে ৮৮২ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে শাহপরাণ থানাধীন ৩৬নং ওয়ার্ডের বালুচর নতুন বাজার সংলগ্ন একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।
র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল টিলাগড় পয়েন্টে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই এলাকায় কতিপয় ব্যক্তি বিদেশি মদ ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করে। এ সময় দুজনকে আটক করা হয় এবং অপর একজন অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের হেফাজতে বিপুল পরিমাণ বিদেশি মদ মজুদ আছে। পরে তাদের দেখানো মতে বাড়ির নিচতলার একটি স্টোররুমে বিভিন্ন প্লাস্টিকের ব্যাগে সংরক্ষিত মোট ৮৮২ বোতল, অর্থাৎ ৪৫০.১১৫ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মধ্যে রয়্যাল গ্রিন, ব্লেন্ডার্স প্রাইড, স্টারলিং রিজার্ভ, সিগনেচার প্রিমিয়ার গ্রেইন হুইস্কি, আইকনিক হোয়াইট, ওল্ডমঙ্কসহ বিভিন্ন ব্র্যান্ডের মদ ছিল।
গ্রেফতার ব্যক্তিরা হলেন আবু শিতাব (৪০), পিতা ইনরুস আলী, এবং মোঃ মহর আলী (২৪), পিতা মোঃ ফিরুজ মিয়া। উভয়ের বাড়ি উত্তর বালুচর, থানা শাহপরাণ, জেলা সিলেট।
র্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে পলাতক ব্যক্তিসহ পরস্পর যোগসাজসে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতার ব্যক্তিদ্বয় ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাদের ও জব্দকৃত আলামত শাহপরাণ (রহঃ) থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।





