সিলেট, ২৪ জুলাই: সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকার সুপাতলা গ্রামের প্রাচীন দেবপীঠ শ্রীশ্রী বাসুদেব মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাসুদেব রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে এ উৎসব সম্পন্ন হয়।
বিয়ানীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, শ্রীশ্রী বাসুদেব মন্দিরের রথযাত্রা ও উল্টো রথযাত্রা বিয়ানীবাজারের অন্যতম প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য। সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহাবস্থানের এই উৎসব যুগ যুগ ধরে সব সম্প্রদায়ের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতির মাধ্যমে দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করা সম্ভব। এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, শিশু-বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, সহ-সভাপতি হারুনুর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও তিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান এবং সাবেক পৌর কাউন্সিলর মিসবাহ উদ্দিন।
পূজারি বিপ্লব দেবের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পূজারি অমিতাভ পাল চৌধুরী। পরে শুভেচ্ছা বক্তব্য দেন বাসুদেব রথযাত্রা উদযাপন কমিটির সদস্যসচিব বিপ্লব ধর।
ধর্মীয় আচার-অনুষ্ঠান, ভক্তদের অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পবিত্র উল্টো রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।





