কর আইন সংশোধনের দাবিতে প্রবাসীকল্যাণ মন্ত্রীকে স্মারকলিপি

কর আইন সংশোধনের দাবিতে প্রবাসীকল্যাণ মন্ত্রীকে স্মারকলিপি - Surma Times | Sylhet News
কর আইন সংশোধনের দাবিতে প্রবাসীকল্যাণ মন্ত্রীকে স্মারকলিপি - Surma Times | Sylhet News
২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি জানিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করছেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ

সিলেট, ২৪ জুলাই: ২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি জানিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বরাবর স্মারকলিপি দিয়েছে সিলেট জেলা কর আইনজীবী সমিতি।

শুক্রবার রাতে নগরীর কুমারপাড়াস্থ মন্ত্রীর বাসভবনে স্মারকলিপি প্রদান করা হয়। সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমানের নেতৃত্বে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সহ-সভাপতি আয়কর আইনজীবী মোহাম্মদ আলী খোকন, যুগ্ম সম্পাদক (১) আয়কর আইনজীবী খায়রুল আলম, সদস্য আয়কর আইনজীবী কামাল আহমদ প্রমুখ।

স্মারকলিপিতে জাতীয় স্বার্থ, সর্বসাধারণের জীবনযাত্রার ব্যয় এবং ব্যবসার সার্বিক পরিস্থিতি বিবেচনায় ছয়টি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে- সব ধরনের ব্যবসা ও পেশায় ১% টার্নওভার ট্যাক্স রহিত করে পূর্বের ন্যায় ৪ কোটি টাকার ওপরে ১% হারে ট্যাক্স ধার্য করা; সঞ্চয়পত্রে উৎসে করকে চূড়ান্ত করদায় হিসেবে বিবেচনা করা; সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে ১৫% কর রহিত করে পূর্বের চূড়ান্ত করদায় বহাল রাখা; আপিল পর্যায়ে ১% কর পরিশোধের নিয়ম বাতিল করা; অংশীদারি ফার্মের আয়কে প্রস্তাবিত কোম্পানির করহারের অনুরূপ ঘোষণার সিদ্ধান্ত বাতিল করে ব্যক্তি শ্রেণির করহার অনুযায়ী ধার্য করা এবং ই-রিটার্ন ওয়েবসাইট ১ জুলাই থেকে কার্যকর না হওয়ায় রিটার্ন দাখিলের সময়সীমা ১ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রণোদনাসহ বর্ধিত করে পর্যায়ক্রমে ৩০ জুন ২০২৭ পর্যন্ত বিদ্যমান সময়সূচি পুনর্বিবেচনা করা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জাতীয় সংসদে আইন পাসের পর ই-রিটার্ন ওয়েবসাইটে রিটার্ন দাখিল করতে গিয়ে সাধারণ করদাতারা নানা জটিলতা ও আর্থিক চাপে পড়ছেন। তাই ব্যক্তি শ্রেণির করদাতাদের বৃহত্তর স্বার্থে উল্লিখিত সংশোধনী এনে দ্রুত পুনরায় গেজেট প্রকাশের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article