সিলেট, ২২ জুলাই: সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহবায়ক কমিটির বিশেষ সভায় সংগঠনের নামে ‘ওয়েলফেয়ার’ শব্দ যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে সংগঠনের পূর্ণাঙ্গ নাম হবে সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন।
বুধবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আহবায়ক দৈনিক প্রভাতবেলার সম্পাদক কবীর আহমদ সোহেল। সদস্য সচিব দৈনিক ইনকিলাবের সিলেট ব্যুরো প্রধান ফায়সাল আমীন সভা সঞ্চালনা করেন।
সভায় কবীর আহমদ সোহেল বলেন, “বৃক্ষ তোমার নাম কি? ফলেই পরিচয়। আমরা এই নীতিতে বিশ্বাসী। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। বিশেষ করে সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করার মহান ব্রত নিয়েই আমাদের যাত্রা।”
সভায় শহীদ সাংবাদিক এটিএম তুরাবের মাগফেরাত কামনায় ৩০ আগস্ট বৃক্ষরোপণ কর্মসূচি এবং ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান: আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি এবং বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে চারটি উপকমিটি গঠন করা হয়েছে।
সভায় মুনশি ইকবাল, কাওছার আহমদ, শফিক আহমদ শফি, এমজেএইচ জামিল, সিন্টু রঞ্জন চন্দসহ অন্যান্য সদস্যরা আলোচনায় অংশ নেন।
প্রসঙ্গত, গত ৬ জুলাই সিলেটের একটি অভিজাত রেস্তোরাঁয় সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। ওইদিনের সাধারণ সভায় ৯ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়, যেখানে কবীর আহমদ সোহেলকে আহবায়ক ও ফায়সাল আমীনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়।





