সিলেটে সোয়া ষোলো লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ১, পিকআপ জব্দ

সিলেটে সোয়া ষোলো লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ১, পিকআপ জব্দ - Surma Times | Sylhet News

সিলেটে সোয়া ষোলো লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ১, পিকআপ জব্দ - Surma Times | Sylhet Newsসিলেট, ২২ জুলাই — সিলেট মহানগরে ট্রাফিক পুলিশের অভিযানে ১৫ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ একজনকে আটক করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস রিলিজে বিষয়টি জানানো হয়েছে।

প্রেস রিলিজে বলা হয়, গত ২০ জুলাই রাত পৌনে ৯টার দিকে সার্জেন্ট মনিসংকর সরকার সঙ্গীয় অফিসার-ফোর্সসহ কোতোয়ালি মডেল থানাধীন নাইওরপুল পয়েন্টে একটি পিকআপ গাড়িকে সিগন্যাল দেন। এ সময় সন্দেহজনক আচরণের কারণে পিকআপটি তল্লাশি করে বৈধ কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ আসামি মো. আলাল উদ্দিনকে (৪৭) আটক করা হয়। আলাল উদ্দিন মৃত আব্দুল জলিলের ছেলে এবং জৈন্তাপুর থানার পশ্চিম বালিপাড়া গ্রামের বাসিন্দা।

পরবর্তীতে কোতোয়ালি মডেল থানাধীন সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাক্ষীদের সামনে পিকআপ গাড়ি থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৬৭ পিস ভারতীয় শাড়ি জব্দ করেন, যার আনুমানিক মূল্য ১৫ লাখ ৮২ হাজার টাকা। এ ছাড়া শাড়ি পরিবহনে ব্যবহৃত সিলেট মেট্রো-ন-১১-২৫৩৫ নম্বরের পিকআপ গাড়িটিও জব্দ করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় একটি মামলা (মামলা নং-২৮, তারিখ ২০/০৭/২০২৬) দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে আনা ভারতীয় পণ্য প্রতিরোধে সিলেট মেট্রোপলিটন পুলিশের এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article