সিলেট, ২১ জুলাই: সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট জেলা প্রেসক্লাবে ‘এআই বেসিকস ফর জার্নালিস্টস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে এবং ব্র্যাক আইএসডি-আইটির সহযোগিতায় মঙ্গলবার বিকেলে ক্লাব কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। তিনি বক্তব্যে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরে প্রযুক্তির দায়িত্বশীল, নৈতিক ও সচেতন ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, ব্র্যাক আইএসডি-আইটির প্রশিক্ষক ও সেন্ট্রাল লিড মোস্তফা আহম সাজিদ এবং মার্কেটিং অ্যাসোসিয়েট অ্যান্ড জব প্লেসমেন্ট জেবিন আক্তার মুন্নি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং কর্মশালার সমন্বয়ক আহমেদ জামিল।
কর্মশালায় প্রেসক্লাবের সদস্য সাংবাদিকরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা, বিভিন্ন এআই মডেলের পরিচিতি, সংবাদ গবেষণায় এআইয়ের ব্যবহার, তথ্য উপস্থাপনা, ইনফোগ্রাফিক তৈরি, স্বল্পদৈর্ঘ্য ভিডিও নির্মাণ এবং কণ্ঠভিত্তিক কনটেন্ট তৈরির বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
এছাড়া সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে কার্যকর, দায়িত্বশীল ও সময়োপযোগীভাবে ব্যবহারের বিভিন্ন কৌশলও কর্মশালায় তুলে ধরা হয়।





