সিলেট, ১৯ জুলাই: মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ চিরুনী অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। রবিবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ছয় ঘণ্টাব্যাপী এ অভিযানে বিভিন্ন অপরাধে ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, মহানগর এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাইকারী দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ বিশেষ চিরুনী অভিযান পরিচালনা করা হয়।
এসএমপির ছয়টি থানার আওতাধীন বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে কোতোয়ালি মডেল থানা থেকে ১০ জন, জালালাবাদ থানা থেকে ৭ জন, এয়ারপোর্ট থানা থেকে ৬ জন, দক্ষিণ সুরমা থানা থেকে ১২ জন, মোগলাবাজার থানা থেকে ৯ জন এবং শাহপরাণ (রহ.) থানা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে বিভিন্ন অপরাধে মোট ৪৭ জনকে আটক করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, “বিভিন্ন অপরাধে এসএমপির ছয়টি থানা এলাকা থেকে বিশেষ চিরুনী অভিযানে ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
তিনি আরও বলেন, “সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এসএমপি জানিয়েছে, অপরাধ দমন ও নগরবাসীর নিরাপত্তা জোরদারে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।





