বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সংবর্ধিত আব্দুল কাইয়ুম চৌধুরী

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সংবর্ধিত আব্দুল কাইয়ুম চৌধুরী - Surma Times | Sylhet News
বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সংবর্ধিত আব্দুল কাইয়ুম চৌধুরী - Surma Times | Sylhet News
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ায় বিভিন্ন ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ

সিলেট, ২০ জুলাই — সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য নির্বাচিত পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করতে তারা বদ্ধপরিকর। বিশ্বমানের ক্রিকেটার গড়ে তোলার পাশাপাশি সিলেটের তরুণ সমাজকে খেলাধুলার দিকে আকৃষ্ট করতে তৃণমূল পর্যায় থেকে নতুন মেধা অন্বেষণ করা হবে বলে জানান তিনি। তার ভাষায়, সিলেটের খেলার মাঠগুলোর উন্নয়ন এবং ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলার প্রসারে সিলেট সিটি কর্পোরেশন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড যৌথভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

সোমবার (২০ জুলাই) বিকেল ৫টায় নগর ভবনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ার সম্মানে বিভিন্ন ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, বিসিবিতে সিলেটের প্রতিনিধিত্ব করা তার জন্য যেমন সম্মানের, তেমনি দায়িত্বেরও বিষয়। সিলেটের সর্বস্তরের ক্রীড়াপ্রেমী মানুষ ও ক্রীড়া সংগঠনগুলোর সহযোগিতা পেলে আন্তর্জাতিক অঙ্গনে সিলেটের সুনাম আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই সম্মাননা প্রদানের জন্য সব ক্রীড়া সংগঠন ও সংগঠকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি।

অনুষ্ঠানে জেলা দলের সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক রেজাউল করিম নাচনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্লাব সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার হাজী মিলাদ আহমদ, জাতীয়তাবাদী ক্রীড়াদল সিলেটের সদস্য ও সিলেট বিভাগীয় ক্রিকেট দলের ম্যানেজার আলী ওয়াসিকুজ্জামান অণি, সাবেক আম্পায়ার ও বিসিবির কাউন্সিলর আশরাফ আরমান, জাতীয়তাবাদী ক্রীড়াদল সিলেটের সদস্যসচিব ও বিসিবির কাউন্সিলর ইমতিয়াজ হোসেন পান্না, ঢাকা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) ট্রেজারার রুবেল আহমদ নান্নু এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট মহানগর শাখার সভাপতি মামুন আহমদ। এ ছাড়া বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক একরাম আহমেদ, জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাছুম আহমেদ, জেলার সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, রাছেল আহমদ, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের যুগ্ম সম্পাদক ও সিলেট মহানগর যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মির্জা শাহরিয়ার জালালী কাইজার এবং ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক ইবনে জাহান তানভীরসহ সাকি, পলাশ, জিয়া, শিপলু, হীরা, রাহাত, মিছবা ও সবুজ।

অনুষ্ঠানে আব্দুল কাইয়ুম চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় জাতীয়তাবাদী ক্রীড়া দল সিলেট জেলা শাখা, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা, সিলেট ডিজেবিলিটি স্পোর্টস ফাউন্ডেশন বিভাগ ও জেলা, সিলেট সুরমা ক্রিকেট একাডেমি, রাগীব রাবেয়া স্পোর্টস একাডেমি, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি, সিলেট ট্রিপল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন, ইগো ক্রিকেটার্স ফাউন্ডেশনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন ক্রীড়া সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

বিসিবিতে সিলেটের প্রতিনিধিত্ব নিয়ে ক্রীড়াঙ্গনে সৃষ্ট এই ইতিবাচক প্রত্যাশার প্রতিফলন ঘটবে কি না, তা নির্ভর করছে ঘোষিত যৌথ উদ্যোগগুলোর বাস্তব রূপায়ণের ওপর—এমনটাই মনে করছেন সিলেটের ক্রীড়া সংশ্লিষ্টরা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article