নারায়ণগঞ্জ, ২০ জুলাই: জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের সম্পদ জব্দ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আদালতের আদেশে সোমবার (২০ জুলাই) সকালে দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ির আটতলা বাড়িতে অভিযান চালায় এবং বাড়িতে থাকা মালামালের জব্দ তালিকা তৈরি করে।
দুদকের মুখপাত্র তানজীর আহমেদ জানান, দুদকের টিম জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে ইনভেন্টরি কার্যক্রম পরিচালনা করছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
গত ২৭ জানুয়ারি জিয়াউল আহসান ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ক্রোক করা স্থাবর সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা, তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন জেলা প্রশাসক এবং গণপূর্ত বিভাগকে ‘রিসিভার’ হিসেবে নিয়োগ দিয়েছেন আদালত।
দুদকের অনুসন্ধানে জানা যায়, জিয়াউল আহসান দুবাইয়ের একটি ব্যাংকে ২০ কোটি টাকা এবং আরেকটি ব্যাংকে ৭৫ কোটি টাকা পাচার করেছেন। এছাড়া মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের টাকা পাচারের তথ্য পাওয়া গেছে।
২০২৪ সালের ১৮ ডিসেম্বর দুদক তিন সদস্যের অনুসন্ধান টিম গঠন করে জিয়াউল আহসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ রয়েছে।
এছাড়া তিনি অ্যান্টিগা অ্যান্ড বারবুডার নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং সেখানে অবৈধভাবে বিনিয়োগ করেছেন বলেও দুদক জানিয়েছে।
জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুন, ফোন আড়িপাতা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে।






