
সিলেট, ১৯ জুলাই: সিলেটের কেন্দ্রীয় কদমতলী বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর নতুন টিকিট বুকিং কাউন্টার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
রবিবার (১৯ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কাউন্টারটির উদ্বোধন করেন সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
উদ্বোধনকালে তিনি বলেন, যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে এই কাউন্টার থেকে উন্নত মানের এসি, নন-এসি ও স্পেশাল চেয়ার কোচ সার্ভিস পরিচালনা করা হচ্ছে। নতুন কাউন্টার চালু হওয়ায় যাত্রীরা এখন সহজে দেশের বিভিন্ন গন্তব্যের টিকিট সংগ্রহ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিসির বিভাগীয় ম্যানেজার রেজাউল হক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হাসান জুয়েল, সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক মল্লিক, বিআরটিসির প্রশাসনিক কর্মকর্তা রুকনুজ্জামান, ট্রাফিক ইনচার্জ এনায়েতুল জাবের, মো. রেজাউর রহমান, কাউন্টারের পরিচালক দেলোয়ার হোসেন চৌধুরী, সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, মালিক শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য নুরুল আমিন, রুহুল আমিন প্রমুখ।
নতুন কাউন্টার থেকে সিলেট থেকে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যে নিয়মিত বিআরটিসি বাস সার্ভিস চালু রয়েছে।
যাত্রীদের অগ্রিম টিকিট বুকিং ও বাস চলাচলের সময়সূচি জানতে কাউন্টারে অথবা মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। মোবাইল: ০১৩৫০-৫৮৮১০৮, ০১৬০৩-৮৮৬৫৫৯।





