সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির অভিষেক সম্পন্ন

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির অভিষেক সম্পন্ন - Surma Times | Sylhet News
সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির অভিষেক সম্পন্ন - Surma Times | Sylhet News
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার যৌথ উদ্যোগে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী

সিলেট, ১৭ জুলাই ২০২৬: বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এবং বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার যৌথ উদ্যোগে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরা হয়।

শুক্রবার বিকাল ৩টায় সিলেট জেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রের মূল চালিকাশক্তি। তাদের সততা, নিষ্ঠা ও পরিশ্রমের ওপর দেশের উন্নয়ন ও সুশাসন নির্ভরশীল। বিশেষ করে চতুর্থ শ্রেণির কর্মচারীরা তৃণমূল পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

তিনি আরও বলেন, কর্মচারীদের ন্যায্য অধিকার ও দাবি-দাওয়া পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক হতে হবে। সিলেটকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বৈষম্যহীন নগরী হিসেবে গড়ে তুলতে সরকারি সকল স্তরের কর্মচারীদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। নতুন কমিটির নেতৃবৃন্দ কর্মচারীদের কল্যাণে কাজ করার পাশাপাশি সেবাপ্রাপ্তি সহজ করতে ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার সভাপতি মো. ফরিদ উদ্দিন এবং বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার সভাপতি আব্দুল মতিনের যৌথ সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আজিম।

সভায় স্বাগত বক্তব্য দেন সিলেট বিভাগীয় জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সালাহ্ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, সিলেট মহানগর তাঁতীদলের সভাপতি মো. কয়েস আহমদ, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন বাবলু, বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের অতিরিক্ত মহাসচিব শিপন মিয়া, প্রধান নির্বাচন কমিশনার মো. আবুল কালাম, জয়ন্ত কুমার দে, ঝলক আচার্য্য, মো. ওমর মাহবুব, মো. মুসলেহ উদ্দিন এবং জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জামাল আহমদ ও সেলিম আহমদ।

অনুষ্ঠানে আরও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং সিলেট বিভাগের ১১টি উপজেলার চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন গণপূর্ত বিভাগের নুরুল ইসলাম।

বক্তারা কর্মচারীদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং সেবার মানোন্নয়নে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন, যা সরকারি সেবার কার্যকারিতা বৃদ্ধি করতে সহায়ক হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article