বিয়ানীবাজার, ১৮ জুলাই: সিলেটের বিয়ানীবাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দক্ষিণ বিয়ানীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে বিয়ানীবাজার থানা পুলিশ। অভিযানে রেদওয়ান আহমদকে গ্রেফতার করা হয়।
শনিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মাহফুজুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত রেদওয়ানের বিরুদ্ধে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও একটি মামলা বিচারাধীন রয়েছে।
ওসি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





