সিলেট, ১৮ জুলাই ২০২৬: সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের বি.এসসি ইন নার্সিং (১ম ব্যাচ) এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি (৭ম ব্যাচ) শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা নার্সিং পেশাকে মানবসেবার মহান ব্রত হিসেবে উল্লেখ করে শিক্ষার্থীদের সেবাধর্মী মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।
শনিবার সকালে নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, নার্সিং পেশা শুধু একটি চাকরি নয়, এটি মানবসেবার এক মহান ব্রত। বৈশ্বিক মহামারি ও বিভিন্ন স্বাস্থ্য সংকটে নার্সদের অবদান প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের দক্ষ স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক পরিসরে চাহিদা বাড়ছে এবং বিদায়ী শিক্ষার্থীরা দেশ-বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, অর্জিত শিক্ষা ও প্রশিক্ষণকে শুধু পেশাগত দায়িত্বে সীমাবদ্ধ না রেখে আর্তমানবতার সেবায় কাজে লাগাতে হবে এবং রেড ক্রিসেন্টের সেবামূলক আদর্শ কর্মজীবনে ধারণ করতে হবে।
সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তারের সভাপতিত্বে এবং শিক্ষার্থী সুস্মিতা চন্দ ও অনামিকা চন্দের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ জিয়াউর রহমান চৌধুরী। তিনি বলেন, সিলেটে স্বাস্থ্যসেবা ও নার্সিং শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে উদ্যোগ নেওয়া হয়েছে এবং নার্সিং খাতের উন্নয়ন, উচ্চতর শিক্ষা ও গবেষণার জন্য একটি বিশ্বমানের ‘নার্সিং হাব’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস-চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, গভর্নিং বডির সদস্য অধ্যাপক ডা. শামিমুর রহমান, সোসাইটির সেক্রেটারি ও গভর্নিং বডির সদস্য ভিপি মাহবুবুল হক চৌধুরী এবং মৌলভীবাজার সমবায় ব্যাংকের চেয়ারম্যান ফয়সল চৌধুরী।
এছাড়া রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন সামন, নির্ঝয় রায়, আবু সাইদ মো. ইব্রাহিম, কামরুজ্জামান দিপু, পারভেজ আহমদ, আলিমুল এহসান চৌধুরী, তাহমিনা হাসান চৌধুরী, কলেজের শিক্ষিকা পূজা আচার্য্য, সহকারী পরিচালক মিজানুর রহমান মিজান এবং যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসিরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সদস্যবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তারা মানবসেবায় আত্মনিয়োগের দিকনির্দেশনা প্রদান করেন।





