হাজারো মানুষের অংশগ্রহণে রুম্মান গুলজারের জানাজা সম্পন্ন, মন্ত্রীর শোক

হাজারো মানুষের অংশগ্রহণে রুম্মান গুলজারের জানাজা সম্পন্ন, মন্ত্রীর শোক - Surma Times | Sylhet News

হাজারো মানুষের অংশগ্রহণে রুম্মান গুলজারের জানাজা সম্পন্ন, মন্ত্রীর শোক - Surma Times | Sylhet Newsসিলেট, ১৭ জুলাই ২০২৬: সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জুরেজ আব্দুল্লাহ গুলজারের বড় ভাই রুম্মান গুলজারের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুমা বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষের উপস্থিতিতে হযরত মানিক পীর (র.) মাজার সংলগ্ন টিলায় তাকে দাফন করা হয়।

জানাজার নামাজে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। জানাজায় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এবং রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সভাপতি বদরুজ্জামন সেলিম।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সর্বস্তরের জনগণ জানাজায় অংশ নেন। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছোট ভাই হাফিজ রাগিব গুলজার। নামাজ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং পরে তাকে মানিক পীর (র.) মাজারের টিলায় দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রুম্মান গুলজারের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় অংশ নেওয়া অতিথিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে রুম্মান গুলজারের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় মন্ত্রী বলেন, “রুম্মান গুলজারের আকস্মিক চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। তিনি একজন সদালাপী ও অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। আমি পরম করুণাময় আল্লাহর দরবারে তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।”

মন্ত্রী মরহুমের ছোট ভাই জুরেজ আব্দুল্লাহ গুলজারসহ পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের এ শোক সহ্য করার শক্তি কামনা করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article