সিলেট, ১৬ জুলাই: সিলেট নগরীর রিকাবীবাজারে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথমেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দ সম্প্রীতি ও সকল ধর্মের মানুষের জন্য কাজ করার অঙ্গীকারের কথা তুলে ধরেন।
বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লুদী। তিনি মেলায় উপস্থিত মানুষের মাঝে পানি বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার সকল ধর্মের মানুষের জন্য কাজ করছে এবং জুলাই আন্দোলনের সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। জনগণের মৌলিক অধিকার, স্বার্থ, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের প্রধান দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে রথমেলার উদ্বোধন করেন বিএনপি নেতা, আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার উপদেষ্টা এবং সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী। তিনি বলেন, গণঅভ্যুত্থানের চেতনা সকল ধর্মের মানুষের মাঝে ছড়িয়ে দিতে চায় সরকার। জুলাই আন্দোলন দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি ও নানা অনিয়মের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল বলেও উল্লেখ করেন তিনি।
লিজগ্রহণকারী প্রতিষ্ঠান প্রগতির প্রোপাইটার মাহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে এবং মোস্তাক আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্ঝর রায়, নুরুল হক রাজু, আনোয়ার হোসেন, শহিদুল ইসলাম, এনাম আহমদ, সুমন আহমদ, পরিমল পালসহ অন্যান্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।





