বিয়ানীবাজারে ব্যবসায়ী হত্যাকাণ্ডে দুই প্রধান আসামি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ব্যবসায়ী হত্যাকাণ্ডে দুই প্রধান আসামি গ্রেপ্তার - Surma Times | Sylhet News

বিয়ানীবাজারে ব্যবসায়ী হত্যাকাণ্ডে দুই প্রধান আসামি গ্রেপ্তার - Surma Times | Sylhet Newsসিলেট, ১৫ জুলাই: সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী আলী হোসেন (৩৮) হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

র‌্যাব-৯ জানায়, বুধবার ভোর ৬টার দিকে গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্যনাবন্ধ ইউনিয়নের ফুলসাইন এলাকায় এবং সকাল ৯টার দিকে কানাগাঁও উত্তর বাদেপাশা এলাকায় অভিযান চালিয়ে আইনুল ইসলাম (২২) ও শাহীনুর ইসলাম (৩০) নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই বিয়ানীবাজার উপজেলার বিবিরাই এলাকার মনিয়া মিয়ার ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, নিহত আলী হোসেন বিবিরাই বাজারের একজন ব্যবসায়ী ছিলেন। স্থানীয় বাসিন্দা হওয়ায় অভিযুক্তরা তার দোকান থেকে নিয়মিত নগদ ও বাকিতে পণ্য নিতেন। ঘটনার সাত দিন আগে শাহীনুর ইসলাম তার কাছ থেকে ৬ হাজার টাকার ডিজেল বাকিতে নেন। গত ১১ জুলাই রাত ৮টার দিকে তিনি আবারও জ্বালানি নিতে এলে পূর্বের বকেয়া পরিশোধের কথা বলেন আলী হোসেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে অন্যান্য সহযোগীরা এসে শাহীনুর ইসলামের নির্দেশে আলী হোসেনকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং অভিযানে নেমে দুই আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা মামলার পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৯।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article