এমসি কলেজ ধর্ষণ মামলায় ভুক্তভোগীকে সাড়ে ৪ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

এমসি কলেজ ধর্ষণ মামলায় ভুক্তভোগীকে সাড়ে ৪ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ - Surma Times | Sylhet News

এমসি কলেজ ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন, ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ - Surma Times | Sylhet Newsসিলেট, ১৪ জুলাই: সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের কাছ থেকে জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম ও অর্জুন লস্করকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড এবং অপর একটি ধারায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের সঙ্গে আরও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। জরিমানার অর্থ ভুক্তভোগী গৃহবধূকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়া মামলার অপর চার আসামি আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম ওরফে রাজন, রবিউল ও মাহফুজুর রহমানকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকলে তাদের মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।

রায়ে জব্দকৃত ঢাকা মেট্রো ভ-০২-১৩৬২ নম্বরের প্রাইভেটকারটি এজাহারকারী ব্যক্তিকে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দাবিদার না থাকায় একটি লাল রঙের পালসার মোটরসাইকেল রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া আসামি সাইফুর রহমানের কক্ষ থেকে জব্দ করা নকিয়া ব্র্যান্ডের দুটি মোবাইল ফোন তার পরিবারের কাছে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তসহ আট আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article