সিলেট, ১৪ জুলাই: সিলেটের প্রবীণ আলেমে দ্বীন, শায়খুল হাদীস ও মাখযানুল উলূম গাফফারিয়া মাদ্রাসা, খাড়াভরা-বিয়ানীবাজারের দীর্ঘদিনের মুহতামিম মাওলানা ফজলুল হক খান (বারহালী হুজুর) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভোগার পর সোমবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে সিলেট শহরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
মাওলানা ফজলুল হক খান দীর্ঘকাল মাখযানুল উলূম গাফফারিয়া মাদ্রাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ সদর মুহতামিম হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি সাবেক ঢাকাদক্ষিণ দারুল উলূম হুসাইনিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ছিলেন। এছাড়া নগর মহিলা মাদ্রাসা, নালিউরী মহিলা মাদ্রাসা ও রায়গড় দত্তরাইল মহিলা মাদ্রাসায় শায়খুল হাদীস হিসেবে দীর্ঘদিন হাদিসের দরস প্রদান করেন।
তিনি খলিফায়ে মাদানী হযরত শায়খে গুনই (রহ.)-এর বিশিষ্ট খলিফা ছিলেন এবং ইলম, আমল ও তাসাউফের খেদমতের মাধ্যমে সিলেট অঞ্চলে সুপরিচিতি লাভ করেন।
মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ছাত্র, ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার বাদ যোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তার ইন্তেকালে আলেম-উলামা, ছাত্রসমাজ ও সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।




