সিলেট, ১২ জুলাই ২০২৬: সিলেটের ফেঞ্চুগঞ্জে অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শ্যুটার গান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। একই দিনে পৃথক এক যৌথ অভিযানে সুনামগঞ্জের দিরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত রতন মিয়া হত্যা মামলার প্রধান আসামিকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৯ সূত্রে জানা যায়, গত ১১ জুলাই রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে ফেঞ্চুগঞ্জ থানাধীন নয়া বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সার কারখানা নতুন বাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবনের আশপাশে দেশীয় অস্ত্র রাখা হয়েছে। পরবর্তীতে রাত ১১টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভবনের দেয়ালের ওপর রাখা একটি শপিং ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র জিডি মূলে ফেঞ্চুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
অন্যদিকে, র্যাব-৯ ও র্যাব-১ এর যৌথ অভিযানে সুনামগঞ্জের দিরাই উপজেলার আলোচিত রতন মিয়া হত্যা মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম (৬০) কে গ্রেফতার করা হয়েছে। তিনি দিরাই থানাধীন আলীনগর এলাকার মৃত ছোয়াব উদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ভিকটিম রতন মিয়া (২৭) এর চাচাতো ভাইয়ের সঙ্গে জমি ও গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে বিবাদীদের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। গত ৫ মে বিবাদীরা হামলা চালিয়ে বোরোধান লুট করে নেয়। এ ঘটনায় মামলা দায়েরের পর বিরোধ আরও
তীব্র হয়। পরবর্তীতে ১২ মে বিকেলে আলীনগর এলাকায় সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে রতন মিয়া ও তার পরিবারের সদস্যদের গুরুতর আহত করা হয়। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রতন মিয়ার মৃত্যু হয়।
এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ জুলাই সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ঢাকার বিমানবন্দর থানাধীন উত্তরা জসিমউদ্দিন এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।





