সিলেট, ৮ জুলাই: সিলেটের জকিগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকার বেশি বলে জানিয়েছে বাহিনীটি।
আজ বুধবার বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বাধীন জকিগঞ্জ উপজেলার লক্ষীবাজার বিওপির পৃথক পৃথক বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১২শ কেজি ভারতীয় জিরা, ২ হাজার কেজি চা-পাতা এবং চোরাচালান কাজে ব্যবহৃত তিনটি বাংলাদেশি ডিআই পিকআপ ভ্যান জব্দ করা হয়। এসব মালামাল ও যানবাহনের মোট সিজারমূল্য এক কোটি চার লাখ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীন জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় জৈন্তাপুর, সুরাইঘাট এবং লোভাছড়া বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এতে ৭১৮ কেজি ভারতীয় চিনি, একটি মহিষ, ১০২ কেজি চা-পাতা এবং ৮৬ বিরা পান আটক করা হয়। এসবের সিজারমূল্য তিন লাখ একষট্টি হাজার তিনশত পঁচিশ টাকা।
সব মিলিয়ে জব্দকৃত মালামালের সর্বমোট সিজারমূল্য দাঁড়িয়েছে এক কোটি সাত লাখ একষট্টি হাজার তিনশত পঁচিশ টাকা। তবে অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি বলছে, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত চালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।





