গোয়াইনঘাট, ৬ জুলাই: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্ট এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন প্রতিরোধে গভীর রাতে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও টাস্কফোর্স। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে শাহ আলম নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দিবাগত রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত জাফলং জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাহ আলমকে সাজা প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত শাহ আলম জামালগঞ্জ উপজেলার মৃত চাঁন মিয়ার ছেলে।
অভিযানকালে আরও একজনকে আটক করা হলেও তিনি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মুচলেকার ভিত্তিতে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন। এ সময় সার্বিক সহযোগিতা করেন সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, গোয়াইনঘাট থানার সাব-ইন্সপেক্টর রাজীব রায়সহ পুলিশের সদস্যরা এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন বলেন, জাফলং জিরো পয়েন্টের প্রাকৃতিক পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের মাধ্যমে যারা পরিবেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। পরিবেশ ধ্বংসকারী ও সম্পদ লুটকারীদের দমনে আগামীতেও নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হবে।





