সিলেট, ৮ জুলাই: সিলেট নগরীর বড়বাজার বন্ধন ‘বি’ এলাকার বাসিন্দা মো. হায়দার আলী গলায় ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তার অসুস্থতায় স্ত্রী রিনা বেগমসহ পুরো পরিবার চরম আর্থিক ও মানসিক সংকটে পড়ে। এমন পরিস্থিতিতে তার চিকিৎসায় যৌথভাবে পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্যভিত্তিক ‘জাস্ট হেল্প ফাউন্ডেশন ইউকে’ এবং ‘লিগাল রাইটস অর্গানাইজেশন’।
পারিবারিক সূত্র জানায়, হায়দার আলী অসুস্থ হয়ে পড়লে স্ত্রী রিনা বেগম বিভিন্ন জায়গায় ঘুরেও চিকিৎসার ব্যবস্থা করতে পারছিলেন না। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করা হলে অতিরিক্ত রোগীর চাপের কারণে পাঁচ মাস পর ভর্তির পরামর্শ দেওয়া হয়।
নিরুপায় হয়ে রিনা বেগম ‘লিগাল রাইটস অর্গানাইজেশন’-এর প্রেসিডেন্ট সৈয়দ সাইদুল ইসলাম দুলালের সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে ‘জাস্ট হেল্প ফাউন্ডেশন’-এর ফাউন্ডার চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে অবহিত করেন। মানবিক কারণে মিজানুর রহমান মিজান হায়দার আলীর চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
সৈয়দ সাইদুল ইসলাম দুলালের ব্যক্তিগত উদ্যোগ ও যোগাযোগের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ভর্তির ব্যবস্থা করা হয়। বর্তমানে হায়দার আলী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৭ম তলা, ৩৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে সৈয়দ সাইদুল ইসলাম দুলাল বলেন, “আমরা নিঃস্বার্থভাবে অসহায় ও নির্যাতিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। সমাজে এমন অসংখ্য অসহায় মানুষ সঠিক সহযোগিতা ও চিকিৎসার অভাবে নীরবে ঝরে পড়ছেন। চিকিৎসা ও আইনি সেবা পাওয়া সাধারণ মানুষের মৌলিক অধিকার। যথাযথ কর্তৃপক্ষের উচিত সাধারণ মানুষের জন্য নির্বিঘ্নে ও দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করা।”





