গোলাপগঞ্জ, সোমবার (৬ জুলাই): সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান আহমদ (৩০)-কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। তিনি উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর এলাকার বারাম উদ্দিনের ছেলে।
সোমবার ভোর সোয়া ৪টার দিকে উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুরে নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলামের নির্দেশে এসআই আবু সাঈদের নেতৃত্বে চন্দরপুর এলাকায় অভিযান চালিয়ে হাসান আহমদকে গ্রেপ্তার করা হয়। তিনি বৈষম্যবিরোধী হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





