সিলেট, শনিবার (৪ জুলাই): তীব্র গরম উপেক্ষা করে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে জনসংযোগ অব্যাহত রেখেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। শনিবার তিনি গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পরিদর্শন, নদীভাঙন এলাকা পরিদর্শন, জনসভায় অংশগ্রহণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেন।
বিকেলে গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর বাজারে সম্প্রতি বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আটটি দোকান পরিদর্শন করেন তিনি। এ ঘটনায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান মালিকদের আর্থিক সহায়তার আশ্বাস দেন তিনি, যা রবিবার তাদের মধ্যে বিতরণ করা হবে।
এর আগে দুপুরে তিনি কুশিয়ারা নদীর মুসলিমগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় নদীভাঙন ও চলমান মেরামত কাজ পরিদর্শন করেন। একই দিনে দুপুর ১টায় শরীফগঞ্জ ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন, কোনো প্রতিকূল পরিস্থিতিই তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না এবং বিএনপি সরকারের লক্ষ্য মানুষের জন্য কাজ করা।
পরে মুসলিমপুর গ্রামে স্পেনপ্রবাসী বিএনপি নেতা শুকুর আলীর বাড়িতে একটি ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। বাদ আছর শরীফগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদীর সদাইশার মাজার সংলগ্ন ভাঙন-পরবর্তী উন্নয়ন কাজ এবং পশ্চিম খাটকাই এলাকার নদীভাঙন পরিস্থিতিও পরিদর্শন করেন।
এছাড়া দিনভর বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এমপি এমরান আহমদ চৌধুরী। গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের গোয়াসপুর সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের একটি টং দোকানে বসে তিনি স্থানীয়দের নানা সমস্যার কথা শোনেন এবং জনকল্যাণমূলক বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর ও সুপারিশ করেন।
দিনব্যাপী এসব কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয়দের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমস্যা সমাধানে তার এই তৎপরতা এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।





