সিলেট, শনিবার (৪ জুলাই): জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শুরু হয়েছে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর বছরব্যাপী বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানমালা।
এর অংশ হিসেবে শনিবার বিকাল ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলগত আবৃত্তি পরিবেশন করে সিলেটের আবৃত্তি সংগঠন ‘মুক্তাক্ষর’। আবৃত্তি গুরু বিমল করের নির্দেশনায় এবং শ্রুতি সরকারের সঞ্চালনায় সংগঠনের ক্ষুদে ও তরুণ আবৃত্তিশিল্পীরা জাতীয় কবির কালজয়ী ছড়া ও কবিতা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে মুক্তাক্ষরের দলগত প্রযোজনায় পরিবেশিত হয় কাজী নজরুল ইসলামের দেশাত্মবোধক ও শিশুতোষ রচনা ‘বাংলাদেশ আমার বাংলাদেশ’, ‘ঘঘং ঘঘং ঘ্যাঙ’ এবং ‘হে সর্বশক্তিমান’। শিল্পীদের বাচনভঙ্গি, উচ্চারণ ও ছন্দের সুনিপুণ উপস্থাপনায় মিলনায়তনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং দর্শক-শ্রোতারা পরিবেশনা উপভোগ করেন।
সংশ্লিষ্টরা জানান, জাতীয় কবির সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে। বছরব্যাপী আয়োজনের অংশ হিসেবে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন পর্যায়ক্রমে তাদের পরিবেশনা উপস্থাপন করবে।
অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক এবং বিপুল সংখ্যক নজরুল অনুরাগী উপস্থিত ছিলেন।





