সিলেট, শুক্রবার (৩ জুলাই): সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটসহ দেশের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
শুক্রবার রাত সাড়ে ৯টায় সিলেট সার্কিট হাউজে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী গত নির্বাচনে জমিয়তের সক্রিয় ভূমিকার জন্য দলটির নেতাদের ধন্যবাদ জানান এবং জোটকে আরও শক্তিশালী করতে শিগগিরই জেলা ও মহানগরের দায়িত্বশীল নেতাদের নিয়ে বৃহৎ পরিসরে বৈঠক আয়োজনের আশ্বাস দেন।
এ সময় তিনি ছাত্র জমিয়তের সাবেক কর্মী হাফিজ সৈয়দ নাঈমের বিষয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তির উদ্যোগ নেওয়ার জন্য জমিয়তের প্রতি আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, উচ্চ আদালতে তার মুক্তির সুযোগ রয়েছে।
মন্ত্রী বলেন, দেশের অবকাঠামো উন্নয়নসহ সার্বিক অগ্রগতির জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অতীতের আন্দোলন-সংগ্রামে বিএনপির পাশাপাশি জমিয়তসহ দেশপ্রেমিক জনগণের ঐক্যের কথা উল্লেখ করে তিনি বলেন, এই ঐক্য বজায় রেখে দেশকে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তুলতে হবে।
সিলেট মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় দলের পক্ষে বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন মহানগর জমিয়তের সহ-সভাপতি ও কেন্দ্রীয় নেতা মাওলানা সৈয়দ শামীম আহমদ, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মোসাদ্দিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ আহমদ সগির, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, মাওলানা সৈয়দ সালিম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, মহানগর জমিয়তের নেতা হাফিজ মাহমুদুল হাসান এবং সৈয়দ নাঈমের ছোট ভাই সৈয়দ মারুফ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।





