জুনে এসএমপির অভিযানে গ্রেফতার ২,৩২২ জন, বিপুল পরিমাণে মাদক ও অবৈধ পণ্য উদ্ধার

জুনে এসএমপির অভিযানে গ্রেফতার ২,৩২২ জন, বিপুল পরিমাণে মাদক ও অবৈধ পণ্য উদ্ধার - Surma Times | Sylhet News

জুনে এসএমপির অভিযানে গ্রেফতার ২,৩২২ জন, মাদক ও অবৈধ পণ্য বিপুল পরিমাণে উদ্ধার - Surma Times | Sylhet Newsসিলেট, ৩ জুলাই – সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জুন-২০২৬ মাসব্যাপী বিশেষ অভিযানে মোট ২,৩২২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসএমপি।

শুক্রবার (৩ জুলাই) এসএমপির মিডিয়া সেলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনা ও তদারকিতে মহানগরীর বিভিন্ন থানা এবং গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযান পরিচালনা করে।

মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাসজুড়ে বিশেষ চিরুনি অভিযান চালানো হয়। এসব অভিযানে ৭৪৪ জন মাদকসেবী ও মাদক কারবারি, ১৭৬ জন জুয়াড়ি, ২০ জন ছিনতাইকারী, ৩৬ জন চোর-ডাকাত, ২৬ জন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি, ১৮৮ জন হকার, ১৮৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭২৫ জন মেট্রো অধ্যাদেশ ও সন্দেহভাজন ব্যক্তি এবং অন্যান্য আইনে ২১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে ৮৫২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অন্যদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযান চলাকালে ১০,৬৭৪ পিস ইয়াবা, ৬ বোতল বিদেশি মদ, ৭৯২ লিটার চোলাই মদ এবং ২৮ কেজি ২৯৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে, যার মধ্যে রয়েছে ১৭,৬১০ কেজি জিরা, ১৭,০৮৯ পিস চকলেট, ২৬,৬৭৫ পিস প্রসাধনী, ৩,৫১৫ কেজি চা-পাতা, ৯,৮৭,০০০ পিস শেখ নাসির উদ্দিন বিড়ি, ১৬২ পিস কম্বল এবং ১০০ পিস শাড়ি।

এছাড়া একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগ ৪,৩৬০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ২,০০৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ২,৩৫৩টি যানবাহন আটক করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article