সিলেটে ৭২ ঘণ্টার মধ্যে বন্যার আশঙ্কা, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি

সিলেটে ৭২ ঘণ্টার মধ্যে বন্যার আশঙ্কা, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি - Surma Times | Sylhet News

সিলেটে ৭২ ঘণ্টার মধ্যে বন্যার আশঙ্কা, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি - Surma Times | Sylhet Newsসিলেট, ৩ জুলাই: সিলেটের নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে সুরমা ও কুশিয়ারা নদীর পানি ক্রমাগত বেড়ে চলায় তীরবর্তী এলাকাগুলোতে নতুন করে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) জানিয়েছে, উচ্চ মেঘনা অববাহিকায় পানি সতর্কসীমায় প্রবাহিত হওয়ায় সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে পানি প্রবেশের প্রবল সম্ভাবনা রয়েছে। বর্তমানে ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলিতে কুশিয়ারা নদীর পানি সতর্কসীমায় অবস্থান করছে। উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

কর্তৃপক্ষ জানায়, জুলাই-আগস্ট মাসে জলবায়ুগত কারণে বন্যার ঝুঁকি স্বাভাবিকভাবেই বেশি থাকে। ঐতিহাসিকভাবে ১৯৮৮, ১৯৯৮ ও ২০০৪ সালের ভয়াবহ বন্যা এই সময়েই হয়েছিল। ২০২২ ও ২০২৪ সালের বন্যাও এর উদাহরণ। ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকার পানি একসঙ্গে বৃদ্ধি পেলে দ্রুত পরিস্থিতির অবনতি ঘটে।

তবে ব্রহ্মপুত্র অববাহিকার অন্যান্য নিম্নাঞ্চলে আগামী ৫-৬ দিনের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল হওয়ার আশা করা হচ্ছে। সিলেটের ক্ষেত্রে আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেঘনা অববাহিকায় উজানের পানি নেমে এলে বা বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলে আকস্মিক বন্যার ঝুঁকি আরও বাড়তে পারে।

প্রশাসন নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে। বর্তমানে দেশের অভ্যন্তরীণ নদীগুলোর ১০-১৫ দিন আগের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, যা দুর্যোগ মোকাবিলায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article