সিলেট, ২ জুলাই ২০২৬: অভিন্ন প্রশ্নপত্রে সিলেটে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সিলেটের সবকটি পরীক্ষা কেন্দ্রে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ও ডিজিটাল নজরদারির ব্যবস্থা। প্রথমবারের মতো দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের জন্য ব্যবহার করা হচ্ছে বডি-ওর্ন ক্যামেরা।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা প্রথম দিনের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে অংশ নিয়েছেন ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৩ হাজার ৫৭৩ জন।
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার সিলেট বিভাগে মোট ৯৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে (গত বছর ছিল ৮৮টি)। ৩৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩৮টি কেন্দ্রে ৩১ হাজার ২১৫ জন, সুনামগঞ্জে ২২টি কেন্দ্রে ১৩ হাজার ৮৭০ জন, মৌলভীবাজারে ১৬টি কেন্দ্রে ১৪ হাজার ৭৩৯ জন এবং হবিগঞ্জে ২০টি কেন্দ্রে ১২ হাজার ৯২১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
পরীক্ষার্থীদের মধ্যে ২৯ হাজার ২১৭ জন ছাত্র এবং ৪৩ হাজার ৫২৮ জন ছাত্রী। নিয়মিত পরীক্ষার্থী ৫২ হাজার ৫৪০ জন। বাকিরা অনিয়মিত, মানোন্নয়ন ও প্রাইভেট।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন বলেন, “পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তামূলক প্রস্তুতি নেওয়া হয়েছে।”
কড়া নিরাপত্তা ব্যবস্থা
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) নগরীর ২৫টি পরীক্ষা কেন্দ্রের আশপাশে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে। ৮ আগস্ট পর্যন্ত কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, উচ্চশব্দে মাইক ব্যবহার নিষিদ্ধ। অস্ত্র, লাঠি বা বিস্ফোরক বহন এবং বহিরাগতদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।
এসএমপির পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





