ঠাকুরগাঁওয়ের ৪ স্কুলছাত্রী নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যে সিলেট থেকে উদ্ধার

ঠাকুরগাঁওয়ের ৪ স্কুলছাত্রী নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যে সিলেট থেকে উদ্ধার - Surma Times | Sylhet News

ঠাকুরগাঁওয়ের ৪ স্কুলছাত্রী নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যে সিলেট থেকে উদ্ধার - Surma Times | Sylhet Newsঠাকুরগাঁও/সিলেট, ১ জুলাই ২০২৬: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রাম থেকে নিখোঁজ হওয়া একই বিদ্যালয়ের চার স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) দুপুরে সিলেটের কদমতলী বাস টার্মিনালে গোয়াইনঘাটগামী বাসের জন্য অপেক্ষারত অবস্থায় তাদের উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস জানান, মঙ্গলবার রাত থেকে নিখোঁজ চার শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ দিন-রাত অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে বুধবার দুপুরে সিলেটের একটি বাস কাউন্টার থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তারা গোয়াইনঘাটের উদ্দেশ্যে বাসের জন্য অপেক্ষা করছিল।

প্রাথমিক তদন্তে জানা গেছে, চার ছাত্রী প্রথমে ঢাকায় যায়, পরে সিলেটে পৌঁছায়। পুলিশের ধারণা, একটি মানবপাচারকারী চক্র নানা প্রলোভন দেখিয়ে তাদের ভারতে পাচারের চেষ্টা করছিল। বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

উদ্ধার হওয়া ছাত্রীরা হলেন- সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী খুশি (মানিক চন্দ্রের মেয়ে), মল্লিকা (বাঙ্কু দেবনাথের মেয়ে), ঋতু দেবনাথ (রমেশ দেবনাথের মেয়ে) এবং অষ্টম শ্রেণির সুজুতি রানী দেবনাথ (আকালু দেবনাথের মেয়ে)।

পরিবার জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে চারজন একসঙ্গে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তারা না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়। প্রাইভেট শিক্ষক ও স্কুলে খোঁজ নিয়ে জানা যায়, তারা সেদিন কোথাও উপস্থিত হয়নি। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ না পেয়ে রাত সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী থানায় জিডি করা হয়।

বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম বলেন, নিখোঁজ চার শিক্ষার্থীকে সিলেট থেকে উদ্ধার করা হয়েছে। তাদের নিরাপদে ঠাকুরগাঁওয়ে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। পুরো ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং মানবপাচারকারী চক্র জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও মানবপাচারের আশঙ্কায় উদ্বেগ বিরাজ করছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article