সিলেট: কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীর মরদেহ গ্রহণকালে নিহতদের স্বজনদের পাশে দাঁড়িয়েছেন সিলেট জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩০ জুন) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহের কফিন পৌঁছানোর আগেই সেখানে উপস্থিত হন জামায়াত নেতারা। মরদেহ গ্রহণের পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান তারা।
নিহতদের মধ্যে পাঁচজন সিলেটের কানাইঘাট উপজেলার এবং একজন ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা। গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন।
উপস্থিত নেতৃবৃন্দ
- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম
- কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান
- সিলেট মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী
- জেলা সেক্রেটারি জয়নাল আবেদীনসহ অন্যান্য নেতৃবৃন্দ
জামায়াত নেতৃবৃন্দ নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তারা বলেন, নিহত প্রবাসীরা গরিব পরিবারের সদস্য। তারা স্বজনের মুখে হাসি ফোটাতে প্রবাসে গিয়েছিলেন। জামায়াতে ইসলামী সাধ্যমতো সহযোগিতা নিয়ে নিহতদের পরিবারের পাশে থাকবে।
মরদেহগুলো বিমানবন্দর থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে সেগুলো কানাইঘাটের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। আজ জোহরের নামাজের পর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের আকুনি মাদ্রাসা মাঠে সম্মিলিত জানাজা অনুষ্ঠিত হয়েছে।





