গোলাপগঞ্জ, মঙ্গলবার: সিলেট-জকিগঞ্জ সড়কের বাসচালক রিপন আহমদ ও দেলোয়ার হোসেনকে গত ২৭ এপ্রিল বাস টার্মিনালে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোলাপগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে গোলাপগঞ্জ চৌমুহনী বাস স্ট্যান্ডের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় পরিবহন শ্রমিক, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
সমাজসেবক শাহীউল আলম চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন নিহত বাসচালক রিপন আহমদের পিতা সাবলু মিয়া। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, তার সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, অথচ এতদিনেও হত্যাকারীদের গ্রেফতার করা হয়নি। তিনি দ্রুত আসামিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা বলেন, পরিবহন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দিনের আলোতে এমন নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরও দীর্ঘ সময় ধরে আসামিদের গ্রেফতার না হওয়া দুঃখজনক। তারা অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।
তরুণ সমাজকর্মী মাজহারুল ইসলাম হাসান বলেন, রিপন ও দেলোয়ারের পরিবার বিচারহীনতার কষ্টে দিন কাটাচ্ছে। দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর উদ্যোগ নিতে হবে, অন্যথায় গোলাপগঞ্জের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় নিহত দেলোয়ারের পিতা আজির মিয়াও উপস্থিত ছিলেন। মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।





