সিলেট, সোমবার রাত: সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী লিটন আহমদ বলেছেন, সঠিক পরিকল্পনা ও সুযোগ্য নেতৃত্ব থাকলে গোলাপগঞ্জকে সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
সোমবার রাতে গোলাপগঞ্জ উপজেলা কাঁচা বাজার সঞ্চয় ও ঋণদান সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ ও এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচিত হলে জনপ্রতিনিধি নয়, বরং সেবক হিসেবে সবসময় এলাকার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
সভায় তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার সামগ্রিক উন্নয়ন, ব্যবসায়ীদের সমস্যা-সম্ভাবনা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং জবাবদিহিমূলক ও জনবান্ধব উপজেলা পরিষদ গঠনের পরিকল্পনা তুলে ধরেন। তিনি ব্যবসায়ী, সমবায় সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মতামতও শোনেন।
গোলাপগঞ্জ কাঁচা বাজার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি লায়েক আহমদের সভাপতিত্বে এবং অফিস সহকারী জাকারিয়া আহমদের পরিচালনায় সভায় বক্তব্য দেন পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমদ দলা, সমিতির সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, গোলাপগঞ্জ মৎস্য সমবায় সমিতির সভাপতি ইজ্জাদ আলী, ব্যবসায়ী সেরওয়ান রশিদ, উপজেলা যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক সুলেমান আলী, যুবদল নেতা শাপলু আহমদ ও উপজেলা ছাত্রদল নেতা তাওহিদুর রহমান।
সভায় কাঁচাবাজার সমিতির নেতৃবৃন্দ ছাড়াও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





