মৌলভীবাজার, ৩০ জুন: মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার রাতে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের গয়াসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদা বেগম (৪৫) ও তার ছেলে জুবের মিয়া (১৮)। ফরিদা বড়দল গ্রামের শাহ ইদ্রিস আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রাজনগরের মুন্সিবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন মা ও ছেলে। গয়াসপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।
রাজনগর থানার ওসি মো. ফরিদ উদ্দিন ভূইঁয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।




