সিলেট: সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস)-এর যৌথ উদ্যোগে মানববন্ধন, মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (২৯ জুন) বেলা ১১টা ১৫ মিনিটে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে জমায়েতের পর মিছিলটি সিটি পয়েন্ট হয়ে সিলেট সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সিসিক প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয় এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেটে প্রতিদিন লাখো মানুষ চলাচল করেন। কিন্তু ফুটপাত দখলের কারণে পথচারীরা চরম দুর্ভোগে পড়ছেন। দোকানদাররা সাটারের বাইরে পণ্য রেখে ফুটপাত দখল করে রাখছেন। অনেকে কাউন্টার ফুটপাতে রেখে ব্যবসা করছেন। এছাড়া ভাসমান ব্যবসায়ীরা অভিযানের সময় সরে গেলেও পরে আবার ফিরে আসেন।
দাবিসমূহ
- ফুটপাত ও রাস্তা ২৪ ঘণ্টা দখলমুক্ত রাখা
- দোকানের পণ্য সাটারের ভিতরে রাখা
- ফুটপাত সংস্কার করে সমান করা
- খোলা গ্যাস সিলিন্ডার ব্যবহার বন্ধ করা
- অভিযানের সময় তথ্য ফাঁস রোধে কঠোর মনিটরিং
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিভিন্ন নেতা বক্তব্য রাখেন।
স্মারকলিপি গ্রহণকালে সিসিক প্রশাসকের কাছে নাগরিকদের দাবি তুলে ধরা হয়। সংগঠনগুলো আশা প্রকাশ করেছে যে, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।





