
সিলেট, ২৮ জুন: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটকে একটি সুপরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে।
রোববার সন্ধ্যায় নগরীর শাহজালাল উপশহরস্থ কল্যাণ পরিষদ কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, নগরবাসীর দোরগোড়ায় নাগরিক সুবিধা পৌঁছে দিতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শহরকে পরিচ্ছন্ন রাখা, ময়লা নির্দিষ্ট স্থানে ফেলা এবং ড্রেনে পলিথিন বা প্লাস্টিক বর্জ্য না ফেলার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, উপশহরের প্রবেশ ও প্রস্থানমুখে তোরণ নির্মাণ, স্থায়ী কাঁচাবাজার, খেলার মাঠ, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ আধুনিকায়ন এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি রাস্তাঘাট সংস্কার ও সড়কবাতি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
অ্যাব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের উদ্যোগও নেওয়া হবে। তিনি শাহজালাল উপশহরকে আধুনিক, পরিচ্ছন্ন ও তিলোত্তমা এলাকা হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের সভাপতি এহতেশামুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ কে এম বদরুল আমিন হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, পেশাজীবী, সাংবাদিক ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।





