সুরমা টাইমস ডেস্কঃ শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
রোববার রাজা গিরিশচন্দ্র প্রাথমিক স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে বর্তমান প্রজন্মের ওপর। তাই শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি সততা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হতে হবে। প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে দক্ষতা অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মিফতাহ্ সিদ্দিকী আরও বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় একটি আদর্শ শিক্ষার পরিবেশ তৈরি করা সম্ভব। মাদক ও সহিংসতা থেকে দূরে থেকে খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মো. ফরিদ আহমদের সভাপতিত্বে শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।





