ওসমানীনগর, সিলেট: পবিত্র মহররম উপলক্ষে শোহাদায়ে কারবালার স্মরণে সিলেটের ওসমানীনগরে দিনব্যাপী যিকির, মিলাদ ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে শত শত ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে।
গত ২৩ জুন উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইসবপুর এলাকার পাঁক পাঞ্জাতন দরবার শরীফে এ মাহফিলের আয়োজন করা হয়। বাদ যোহর থেকে মধ্যরাত পর্যন্ত ধারাবাহিকভাবে চলে ধর্মীয় আলোচনা ও ইবাদত-বন্দেগি।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পীরে তরিকত মাওলানা শায়েখ মোশতাক আহমাদ মোজাহিদী। তিনি কারবালার শিক্ষাকে ধারণ করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে আলেম-উলামারা শোহাদায়ে কারবালার তাৎপর্য তুলে ধরে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিতদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, প্রতি বছর মহররম উপলক্ষে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।





