প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালেই সাইবার আইনে মামলা! বডি ক্যামেরায় নজরদারিতে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালেই সাইবার আইনে মামলা! বডি ক্যামেরায় নজরদারিতে পরীক্ষা: শিক্ষামন্ত্রী - Surma Times | Sylhet News

প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালেই সাইবার আইনে মামলা! বডি ক্যামেরায় নজরদারিতে পরীক্ষা: শিক্ষামন্ত্রী - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃএইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, নকলমুক্ত ও প্রশ্নফাঁসমুক্ত করতে কঠোর বার্তা দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না।

রবিবার (২৮ জুন) দুপুরে সিলেট নগরীর জালালাবাদ গ্যাস ভবন অডিটোরিয়ামে সিলেট শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “অতীতের মতো এবারও কঠোর নজরদারি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আইনগত ব্যবস্থার মাধ্যমে পরীক্ষা সম্পন্ন করা হবে। ভুয়া তথ্য ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাইবার আইনে ব্যবস্থা নেওয়া হবে।”

নিরাপত্তায় নতুন উদ্যোগ

পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র কর্তৃপক্ষ, শিক্ষা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে পুলিশ সদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করবেন এবং সিসিটিভির মাধ্যমে কেন্দ্রগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে বলে জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। সরকার নকলমুক্ত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে। শিক্ষার্থীদের ন্যায়সংগত মূল্যায়নের জন্য উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ রাখা হয়েছে। উত্তরপত্র মূল্যায়নে অভিন্ন মানদণ্ড ও নমুনা উত্তরপত্র পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান শিক্ষকদের পদোন্নতি ও শিক্ষক নিয়োগ

প্রাথমিক শিক্ষায় জনবল সংকট নিরসনে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি জানান, ২০১৭ সাল থেকে বিচারাধীন মামলার কারণে প্রায় ২৫ হাজার ৫০০ প্রধান শিক্ষকের পদোন্নতি আটকে আছে। আদালতের রায় অনুসারে এটি নিষ্পত্তি করা হবে।

বর্তমানে সারাদেশে প্রায় ৬০ হাজার শিক্ষক পদ শূন্য রয়েছে। আগামী জুলাই থেকে নতুন শিক্ষক নিয়োগ শুরু করার পরিকল্পনা রয়েছে। মাদ্রাসা শিক্ষকদের বেতন জটিলতা দ্রুত সমাধান করে নিয়মিত ব্যাংক হিসাবে বেতন দেওয়ার ব্যবস্থা করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিচারাধীন ৩০ হাজারের বেশি মামলাও পর্যায়ক্রমে নিষ্পত্তি করা হবে বলে জানান তিনি।

মন্ত্রী শিক্ষা বোর্ডগুলোকে শুধু পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষাপ্রতিষ্ঠান তদারকি, শিক্ষার মান উন্নয়ন এবং সমস্যা সমাধানে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন।

তিনি গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে সবার সহযোগিতা কামনা করেন।

আসন্ন এইচএসসি পরীক্ষা ঘিরে শিক্ষামন্ত্রীর এই কঠোর বার্তা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article