গোলাপগঞ্জ, সিলেট: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা জোরদার করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ। তিনি বলেছেন, নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে এলাকার সমস্যা সমাধান এবং উন্নয়নমুখী উপজেলা গড়ে তুলবেন।
শুক্রবার রাতে লক্ষণাবন্দ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লিটন আহমদ বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করাকে তিনি অগ্রাধিকার দেবেন। একটি সৎ, জবাবদিহিমূলক ও জনমুখী উপজেলা পরিষদ প্রতিষ্ঠাই তার লক্ষ্য।
সভায় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। জনগণের আস্থা ধরে রেখে একটি আধুনিক ও উন্নত গোলাপগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
লক্ষণাবন্দ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তোতা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন এবং প্রার্থীর প্রতি সমর্থন জানান।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





