সুরমা টাইমস ডেস্কঃ সিলেটকে পরিকল্পিত ও বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, অতীতে পরিকল্পনার অভাবে সিলেট কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে ছিল, তবে এখন সমন্বিত মহাপরিকল্পনার মাধ্যমে সেই ঘাটতি পূরণ করা হবে।
শুক্রবার রাতে লায়ন্স ক্লাব অব সিলেট আয়োজিত সম্মাননা দিবস ও এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, উন্নতমানের হাসপাতালের অভাবে এখনো সিলেটের অনেক রোগীকে ঢাকায় যেতে হয়, যা একটি বড় চ্যালেঞ্জ। ভবিষ্যতে এই খাতেও উন্নয়ন আনার পরিকল্পনা রয়েছে।
লায়ন্স শিশু হাসপাতালের সেবামূলক কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, অসহায় মানুষের চিকিৎসায় এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং মানবিক সেবায় লায়ন্স সদস্যরা প্রশংসনীয় কাজ করে যাচ্ছেন।
লায়ন্স ক্লাব অব সিলেটের প্রেসিডেন্ট ডা. মোস্তাফা শাহজামান চৌধুরী বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের লায়ন্স নেতৃবৃন্দ বক্তব্য দেন।
অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে ১৯ জন সাবেক সভাপতিকে সম্মাননা প্রদান করা হয়।





