সুরমা টাইমস ডেস্কঃ সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে আকস্মিক প্রত্যাহারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে কয়েকটি সামাজিক সংগঠন। ফুটপাত ও রাস্তা দখলমুক্তসহ বিভিন্ন দাবিতে ২৯ জুন বিক্ষোভ, স্মারকলিপি ও সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নগরীর উত্তর জল্লারপার এলাকায় সংগঠনগুলোর যৌথ সাপ্তাহিক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার নেতারা অংশ নেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৯ জুন সকাল সাড়ে ১১টায় কোর্ট পয়েন্টে জমায়েত, এরপর মিছিল করে সিটি কর্পোরেশন পর্যন্ত যাওয়া, প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান এবং সিটি কর্পোরেশন প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হবে।
সভায় বক্তারা বলেন, দায়িত্ব পালনের সময় জেলা প্রশাসক সারওয়ার আলম সিলেটের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিয়েছিলেন। দুর্নীতি রোধ, সাদা পাথর লুট বন্ধ, ফুটপাত দখলমুক্তকরণসহ নানা উদ্যোগ প্রশংসিত হয়েছিল। হঠাৎ করে তাকে প্রত্যাহার করায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
তারা অবিলম্বে এই প্রত্যাহার আদেশ বাতিল করে তাকে পুনর্বহালের দাবি জানান। পাশাপাশি শহরের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে কার্যকর অভিযান পরিচালনার আহ্বান জানানো হয়।
সভায় হযরত শাহজালাল রহ. মাজার ব্যবস্থাপনা কমিটিকে আরও অন্তর্ভুক্তিমূলক করার দাবিও তোলা হয়।
মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।





