সুরমা টাইমস ডেস্কঃ সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসংগতি তুলে ধরতে সাংবাদিকদের আরও সাহসী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, গণমাধ্যমই সমাজের প্রতিচ্ছবি, তাই নিরপেক্ষতা বজায় রেখে সত্য প্রকাশে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
শনিবার বিকেলে নগরীর জিন্দাবাজারে ‘এদিন’ পত্রিকার প্রান্তলোক উৎসব ও সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অতীতে গণমাধ্যমকর্মীরা নানা নির্যাতন, হয়রানি ও মামলার শিকার হয়েছেন। তবে বর্তমান প্রেক্ষাপটে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য এমন পরিস্থিতি আর থাকা উচিত নয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। সমাজের অসংগতি তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দৈনিক ‘এদিন’ নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এদিন পত্রিকার সিলেট ব্যুরো প্রধান মুজাহিরুল ইসলাম রাহাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাহিত্য, মানবকল্যাণ ও পরিবেশ রক্ষায় অবদান রাখায় তিন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।





